ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। সরকারের নতুন এই উদ্যোগের ফলে মৌসুমি বিদেশি শ্রমিকের ঘাটতি নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই কমেছে। এতে স্বস্তি ফিরেছে দেশটির কৃষক ও খামার মালিকদের মধ্যে।
অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশটির বিভিন্ন এলাকায় মাঠ থেকে ফসল তোলার কাজ শুরু হওয়ার কথা। প্রতিবছর এ সময়ে কৃষিকাজে বিপুলসংখ্যক বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়।
তবে সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার সামগ্রিক অভিবাসীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়ায় ভিসা প্রক্রিয়ায় ধীরগতি দেখা দেয়। আগে যেখানে কৃষি শ্রমিকদের ভিসা কয়েক দিনের মধ্যেই পাওয়া যেত, সেখানে সম্প্রতি কয়েক মাস পর্যন্ত সময় লাগছিল। ফলে ফসল কাটার মৌসুমে প্রয়োজনীয় শ্রমিক পাওয়া নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
এই পরিস্থিতিতে কৃষকদের সুবিধা দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। এখন থেকে কৃষিভিত্তিক বিভিন্ন সংস্থা জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে কৃষি শ্রমিকদের ভিসার জন্য দ্রুত আবেদন করতে পারবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষক সংগঠনের নেতারা।
তারা বলেছেন, নতুন ব্যবস্থার ফলে ফসল কাটার উপযুক্ত সময়ে প্রয়োজন অনুযায়ী বিদেশি শ্রমিক পাওয়া সহজ হবে। এতে কৃষি খাতে শ্রমিক সংকটের কারণে ফসল তোলার কাজে যে ধরনের সমস্যা তৈরির আশঙ্কা ছিল, তা এড়ানো সম্ভব হবে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, যেসব বিদেশি শ্রমিকের কৃষিকাজে বিশেষ দক্ষতা রয়েছে এবং যারা ইতোমধ্যে কোনো খামার মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
সরকারের এই বিশেষ ব্যবস্থার ফলে অভিবাসনসংক্রান্ত নীতিতে কড়াকড়ি থাকলেও অস্ট্রেলিয়ার কৃষি খাতে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।