টেস্ট ক্রিকেটে অভিষেকের পর খুব অল্প সময়েই নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেউ ওয়েবস্টার। মাত্র আটটি টেস্ট খেলেই দলে সুযোগ পাওয়া ও বাদ পড়ার স্বাদ পেয়েছেন তিনি। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অস্ট্রেলিয়ার একাদশে নিজের অবস্থান শক্ত করতে চান এই অলরাউন্ডার।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে নিজের সামর্থ্য প্রমাণ করতে চান ওয়েবস্টার। তার বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটে নিজের যোগ্যতা দেখানোর মতো পারফরম্যান্স তিনি ইতোমধ্যে করেছেন।
গত বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ওয়েবস্টার। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ভালো পারফরম্যান্স করে দলের আস্থা অর্জন করেন তিনি।
তবে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে একাদশের বাইরে ছিলেন ওয়েবস্টার। ক্যামেরন গ্রিন, জশ ইংলিস ও উসমান খাজার মতো ক্রিকেটারদের কারণে দলে জায়গা হারান তিনি। পরে সিডনিতে অ্যাশেজের শেষ টেস্টে সুযোগ পেয়ে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন এবং তিনটি উইকেট নেন।
ওয়েবস্টার বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে খেলে গত এক বছরে তার সবচেয়ে বড় শিক্ষা হলো, তিনি এই পর্যায়ে খেলার জন্য প্রস্তুত। মাঠে নেমে চাপের পরিস্থিতিতে পারফর্ম করার অভিজ্ঞতাই তাকে আত্মবিশ্বাসী করেছে।
নিজেকে মূলত একজন ব্যাটার হিসেবেই দেখেন ওয়েবস্টার। তার মতে, নিয়মিত রান করেই তিনি দলে জায়গা করে নিয়েছেন এবং ব্যাটিং পারফরম্যান্সই তার টিকে থাকার প্রধান ভিত্তি।
অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপে নিজের অবস্থান নিয়ে ওয়েবস্টার বলেন, ক্যামেরন গ্রিনের সঙ্গে একাদশে থাকার ক্ষেত্রে তিনি কোনো সমস্যা দেখছেন না। দুজনই অলরাউন্ডার হওয়ায় দলের জন্য বাড়তি সুবিধা তৈরি হতে পারে।
তিনি জানান, ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও ফিল্ডিংয়েও অবদান রাখতে চান। নিজের পারফরম্যান্সের মাধ্যমে এমন অবস্থানে যেতে চান, যাতে তাকে একাদশ থেকে বাদ দেওয়া কঠিন হয়ে পড়ে।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া ১৩ সদস্যের দল ঘোষণা করেছে। এখন দেখার বিষয়, চূড়ান্ত একাদশে ওয়েবস্টার ও ক্যামেরন গ্রিন দুজনকেই রাখা হয় কি না।