সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যাতে কোনো অবস্থাতেই মাদকসহ কোনো ধরনের বদ অভ্যাসের দাস না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। মাদকাসক্তি থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি অন্যদেরও মাদক থেকে দূরে রাখতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাদার কার্লো মেনাপেচ ও জুলিও বেরুত্তী (পীমে) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘মাদকাসক্তি থেকে আমরা নিজেরা দূরে থাকবো, অন্যদেরও দূরে রাখতে সহযোগিতা করবো। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করবো, যাতে মাদকাসক্ত অথবা মাদক আমাদের কোনো অবস্থাতেই ক্ষতি না করে।’
মাদক গ্রহণের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, যারা মাদক গ্রহণ করে নেশাগ্রস্ত হয়ে পড়ে, ধীরে ধীরে তাদের লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হয় এবং অল্প বয়সেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। মাদকাসক্তরা অনেক সময় বুঝতেও পারে না যে তারা কতটা কঠিন সমস্যার মুখোমুখি হচ্ছে।
এ সময় সমাজকল্যাণমন্ত্রী ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, আদিবাসী, বাঙালি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করবে। সুখে-দুঃখে সবাইকে একে অন্যের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, এই এলাকায় কোনো ধরনের অশান্তি, অনাচার বা দখলদারি যাতে কেউ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সোচ্চার থাকতে হবে। কোনো ধরনের সমস্যা হলে প্রশাসনকে জানানোর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও আদিবাসী নেতৃবৃন্দকে অবহিত করার আহ্বান জানান তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব যেকোনো সমস্যার সমাধানে আপনাদের পাশে থাকবো।’
ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে শক্ত হয়ে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার চায়, পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েরা যাতে শারীরিক ও মানসিকভাবে শক্ত হয়ে গড়ে ওঠে এবং আগামী দিনে তারা যেন যোগ্যতা অর্জন করে সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে পারে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা মানুষ হিসেবে আগের প্রজন্মের চেয়েও ভালো হবে, শিক্ষা-দীক্ষায় আরও এগিয়ে যাবে এবং শারীরিক ও মানসিকভাবে আরও উন্নত হবে—এটাই প্রত্যাশা।
খেলা উদযাপন কমিটির সভাপতি আলবেরিকুশ খালকোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, খিদিরপুর উপধর্ম পল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার নিকোলাস বেসরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।