নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রোববার (৯ আগস্ট) এ বিষয়ে অফিস আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আদেশে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের বিভিন্ন প্রস্তুতি ও ব্যবস্থাপনার জন্য গঠিত কমিটিগুলোর দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দিন, সময় ও স্থানে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সম্পন্ন করার জন্য এসব কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিগুলোর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে সমন্বয় কমিটি করা হয়েছে। প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে গঠন করা হয়েছে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি।
এ ছাড়া সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি, কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে আসন ব্যবস্থাপনা কমিটি এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, প্রয়োজনের ভিত্তিতে এসব কমিটি অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। আদেশ পাওয়ার পর কমিটিগুলো দ্রুত সভা করে নিজ নিজ কাজের পরিকল্পনা গ্রহণ করবে।
এ ছাড়া উপকমিটির আহ্বায়কদের নিজ নিজ কার্যক্রম সম্পর্কে নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)-কে অবহিত করতে এবং প্রয়োজন অনুযায়ী নির্দেশনা নিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।