চট্টগ্রামের ফটিকছড়িতে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচনের সময়ের মতো দেশ গঠনের কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, নির্বাচনের সময় আলেম-ওলামাদের সহযোগিতায় দেশকে একটি সংকট থেকে রক্ষা করা সম্ভব হয়েছিল। তবে দেশের বিভিন্ন সমস্যা এখনো পুরোপুরি শেষ হয়নি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর রহমতে সরকার গঠন করতে পেরেছেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী বাবুনগর মাদ্রাসায় আসার সুযোগ হয়েছে।
বিগত সরকারের সময়ে দেশের অর্থ-সম্পদ লুটপাট ও বিদেশে পাচারের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, এর প্রভাব এখন সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে। একই সঙ্গে অপরিকল্পিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনার কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গ্যাস সংকটের বিষয়ে তারেক রহমান বলেন, চলমান সমস্যা আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে অনেকটাই কমে আসবে বলে তিনি আশা করছেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে দেশের মানুষ ও তাদের সন্তানরা নিরাপদে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন এবং সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
তিনি আরও বলেন, দেশে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবেন। এর ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, নির্বাচনের পর দেশ গঠনের ক্ষেত্রেও একইভাবে ঐক্য ধরে রাখতে হবে।
দেশের উন্নয়নে চিকিৎসা ও শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেন তিনি। হাসপাতাল, স্কুল-কলেজ, মাদ্রাসা, সড়ক, সেতু ও কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আলেম-ওলামাদের সরকারের সহযোগী হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, তারা সরাসরি সরকারের অংশ না হলেও দেশ পরিচালনা ও সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করছেন। দেশের মানুষকে সঠিক পথে পরিচালনা এবং দেশকে এগিয়ে নেওয়া শুধু সরকারের একার দায়িত্ব নয় বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনের আগে আলেম-ওলামাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে রোববার ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে রোববার বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারে বাঁশখালী থেকে ফটিকছড়িতে পৌঁছান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। হেলিকপ্টারটি পেলাগাজী দিঘির মাঠে অবতরণের পর সেখানে উপস্থিত স্থানীয়রা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীকে দেখে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। পরে সড়কপথে বাবুনগর মাদ্রাসার উদ্দেশে রওনা হন তিনি।