দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ভোটার হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ কারণে ৩১ জুলাই পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে।
আখতার আহমেদ জানান, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচিতে পরিবর্তন এলে অথবা কমিশন নতুন কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তী সময়ে যুক্ত হওয়া ভোটারদের তথ্য সম্পূরক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আচরণবিধি সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রস্তুত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে আইন সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ এখনো পাঠানো হয়নি। সংশ্লিষ্ট নথিপত্র বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রক্রিয়া শেষ হলে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়েও কথা বলেন ইসি সচিব। তিনি জানান, রোববার বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে এসে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল মনোনয়নপত্র সংগ্রহ করেনি।