কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়ার ওকানাগান লেক এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলের কারণে সামারল্যান্ড শহরের প্রায় ১২ হাজার বাসিন্দাকে পুরোপুরি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পিচল্যান্ড ও আশপাশের এলাকার আরও প্রায় ৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় প্রথম আগুনের সূত্রপাত হয়। কয়েক ঘণ্টার মধ্যেই দাবানল প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ফাউল্ডার এলাকার বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনের গ্রাসে বেশ কিছু বাড়িঘর পুড়ে গেছে। আতঙ্কিত বাসিন্দারা দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করায় পেন্টিকটনের দিকে যাওয়া সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হয়।
জরুরি তথ্য কর্মকর্তা এরিক থম্পসন বলেন, এটি ওই অঞ্চলের অন্যতম দ্রুত ছড়িয়ে পড়া দাবানল। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকেও নিজের পরিবারকে সরিয়ে নিতে হয়েছে।
তিনি বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পাশাপাশি ঝুঁকিতে থাকা প্রতিবেশীদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি এক বিবৃতিতে জানিয়েছেন, দাবানলে ঘরবাড়ি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের গতিপথ দ্রুত পরিবর্তন হওয়ায় কিছু মানুষ ঝুঁকিপূর্ণ এলাকায় আটকা পড়েছেন বলেও জানান তিনি।
কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় জরুরি উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি