প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে পাঠ্যক্রমের অংশ হিসেবে ‘সায়েন্স টয়’ বা বিজ্ঞানভিত্তিক খেলার উপকরণ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার (৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার (এফএলএটি)’ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, শিশুদের শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলার মাধ্যমে এবং হাতে-কলমে কাজের মাধ্যমে বিজ্ঞান শেখানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া আরও আনন্দদায়ক ও বাস্তবভিত্তিক হবে।
তিনি জানান, প্রাথমিক শিক্ষায় বিজ্ঞান, গণিত, ডিজাইন ও সৃজনশীলতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘ম্যাথ ল্যাব’ চালুর পরিকল্পনা রয়েছে।
ববি হাজ্জাজ বলেন, এসব ল্যাবে বিভিন্ন উপকরণের মাধ্যমে শিশুরা আকার, আকৃতি, যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মতো গণিতের মৌলিক বিষয়গুলো সহজে বুঝতে পারবে।
প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিশুদের পড়া, লেখা ও গণিতের মৌলিক দক্ষতা গড়ে তোলাই প্রাথমিক শিক্ষার প্রধান লক্ষ্য। এই পর্যায়ে ভিত্তি দুর্বল হলে পরবর্তী শিক্ষাজীবনে এর নেতিবাচক প্রভাব পড়ে।
বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এবং ঝরে পড়া কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ আগস্ট এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
মিড-ডে মিল কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষামূলক প্রকল্পের অভিজ্ঞতা থেকে পাওয়া সমস্যাগুলো বিশ্লেষণ করে আরও কার্যকর বাস্তবায়ন কাঠামো তৈরি করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি প্রকল্পে নিয়মিত তদারকি ও মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ারস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।