দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে ভেটেরিনারি খাতের পরিধি দ্রুত বাড়ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পশু ও পাখির রোগমুক্ত থাকা এবং প্রাণিজ খাদ্য নিরাপদ কি না, তা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে গবেষণার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বর্তমানে দেশে ভেটেরিনারি চিকিৎসাসেবা অনেকটাই ঢাকাকেন্দ্রিক। প্রাণীর সংখ্যা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, অর্থমন্ত্রী ও অর্থসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর যাতে চাকরির সুযোগ পায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে ভেটেরিনারিয়ানদের কর্মসংস্থানের ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, একসময় ভেটেরিনারি ও পশুপালন বিষয়ে মানুষের আগ্রহ তুলনামূলক কম থাকলেও বর্তমানে বিজ্ঞান ও গবেষণার অগ্রগতির ফলে এ খাতের গুরুত্ব বেড়েছে। প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষি দেশের অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি। পশুপাখির রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে আধুনিক চিকিৎসা ও গবেষণা বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. এম. ময়নুদ্দিনকে বার্ষিক লেকচার অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয়। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রবিন এল্ডার্স অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
‘ট্রান্সলেটিং ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনটু সাসটেইনেবল লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ’ প্রতিপাদ্যে আয়োজিত তিন দিনব্যাপী সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৬৫০ জন গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ভেটেরিনারিয়ান অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল দুই দিনে ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপনের কথা রয়েছে। এর মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা।