স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ করার নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। নির্দেশ অমান্য করে কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তার এমপিও সুবিধা বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) নাটোরের লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় ও বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্কুলের পাঠ স্কুলেই শেষ করার ব্যবস্থা করতে হবে। প্রয়োজন হলে বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাসের আয়োজন করতে হবে। কোনো শিক্ষক বিদ্যালয়ের বাইরে প্রাইভেট পড়ালে সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও বন্ধ করার পাশাপাশি ওই বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি বরাদ্দও বন্ধ করে দেওয়া হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়কেন্দ্রিক পাঠদানকে আরও কার্যকর করতে হবে। শিক্ষকরা যাতে শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের প্রয়োজনীয় পাঠ বুঝিয়ে দিতে পারেন, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ফারজানা শারমীন পুতুল আরও বলেন, আগের সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থায় নানা অনিয়ম ও সংকট তৈরি হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে শিক্ষার পরিবেশ উন্নত করার চেষ্টা করছে। পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু এবং বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনসহ অনেকে বক্তব্য দেন।