যশোরের চৌগাছায় সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে হাফেজ নাজমুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাতে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেওয়ার পর পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল ইসলাম যশোর শহরের মোল্লাপাড়া এলাকার হাফিজিয়া বায়তুল মামুন মাদ্রাসায় শিক্ষকতা করেন। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া এলাকায়।
ভুক্তভোগী শিশুটির চাচা ইমন হোসেনের অভিযোগ, শুক্রবার সকালে শিক্ষক নাজমুল শিশুটিকে সঙ্গে নিয়ে চৌগাছার নারায়ণপুর এলাকায় তাদের গ্রামের বাড়িতে যান। পরে সন্ধ্যার দিকে চটপটি খাওয়ানোর কথা বলে শিশুটিকে নারায়ণপুর কপোতাক্ষ নদীর ব্রিজের নিচে নিয়ে যান তিনি।
সেখানে শিশুটিকে ভয় দেখিয়ে যৌন নির্যাতন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এর আগেও শিশুটির সঙ্গে অভিযুক্ত শিক্ষক একই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন বলে শিশুটি জানিয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনূর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।