যশোরের কেশবপুরে বাবার মরদেহ কোথায় দাফন করা হবে, তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ভাই ও তাদের স্ত্রীসহ চারজন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন মৃত আব্দুল খালেক মানের (৭৪) বড় ছেলে মাহবুবুর মান (৫২), তাঁর স্ত্রী মোমতাজ বেগম (৪৫), ছোট ছেলে আসাবুল (৪৫) ও তাঁর স্ত্রী হালিমা বেগম (৩৫)।[BANGVIEWS-POST:4423]স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল খালেক মান মারা যাওয়ার পর তাঁর মরদেহ কোথায় দাফন করা হবে, তা নিয়ে দুই ছেলের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে উভয় পক্ষ হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই ভাই ও তাঁদের স্ত্রীরা আহত হন।খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের উপস্থিতিতে আব্দুল খালেক মানের মরদেহ দাফন করা হয়। আহত চারজনকে চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং মরদেহ দাফনের ব্যবস্থা করে। উভয় পক্ষকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।[BANGVIEWS-POST:4422]এলাকাবাসীর ভাষ্য, জীবিত অবস্থায় আব্দুল খালেক মান তাঁর দুই ছেলের নামে সম্পত্তি লিখে দিয়েছিলেন। বড় ছেলের নামে রাস্তার পাশের ডাঙা জমি এবং ছোট ছেলের নামে পারিবারিক কবরস্থানের জমি দেওয়া হয়েছিল। বাবার মৃত্যুর পর সেই কবরস্থানে তাঁকে দাফন করা নিয়েই দুই ভাইয়ের বিরোধ চরমে ওঠে।শেষ পর্যন্ত পারিবারিক এই বিরোধ সংঘর্ষে গড়ালে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।