ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ায় যুদ্ধ থেকে বেরিয়ে আসার সম্ভাব্য পথ খুঁজতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তার আশঙ্কা, সংঘাত আরও বাড়ালে পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য উল্টো ক্ষতির কারণ হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেইন ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি ও সম্ভাব্য ‘এক্সিট স্ট্র্যাটেজি’ নিয়ে আলোচনা করছেন। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, তিনি সংঘাত থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার একটি পথ খুঁজছেন।
সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ ট্রাম্প প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন কেইন। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্টের সঙ্গে পরবর্তী বৈঠকের আগে যুদ্ধের বিষয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একটি অভিন্ন অবস্থান তৈরির চেষ্টা চলছে।
কেইনের অবস্থান সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, যুদ্ধ থেকে বের হওয়ার পথ খোঁজার উদ্যোগটি সামরিক বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার তার নিজস্ব কৌশলের অংশও হতে পারে।
ইরানে স্থল অভিযান পরিচালনার বিষয়ে ট্রাম্প শুরু থেকেই অনাগ্রহ দেখিয়ে আসছেন। তার ধারণা, ব্যাপক বিমান হামলার মাধ্যমে ইরানকে আলোচনায় বসতে এবং চুক্তিতে যেতে বাধ্য করা সম্ভব। তবে জেনারেল কেইনসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা মনে করছেন, শুধু বিমান হামলার মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জনের সম্ভাবনা খুব বেশি নয়।
এ কারণে ট্রাম্পের নীতির কাঠামোর মধ্যেই বিকল্প পথ খুঁজে দেখার চেষ্টা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে জেনারেল ড্যান কেইনের মুখপাত্র জোসেফ হলস্টেড সিএনএনের প্রশ্নের জবাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী বা অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গে চেয়ারম্যানের ব্যক্তিগত ও গোপন আলোচনার বিষয়ে তারা মন্তব্য করেন না। পাশাপাশি অজ্ঞাত সূত্রের বক্তব্য নিয়েও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: সিএনএন