জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চব্বিশের গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে প্রথম বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহে নিজ গ্রামের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, ৫ আগস্টের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ক্ষমা করার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে প্রথম বেইমানি করেছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলামের রাজনৈতিক ভূমিকা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় পর্যন্ত নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন। তবে পরবর্তীতে জামায়াতে ইসলামীর কথিত ফাঁদে পা দেওয়ার পর তিনি রাজনৈতিকভাবে বিপথগামী হয়েছেন।
রাশেদ খাঁন আরও বলেন, গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ও চেতনা ধরে রাখতে রাজনৈতিক দল ও নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
এ সময় ঝিনাইদহ জেলা বিএনপি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।