ভারতের রাজস্থানের চুরু জেলার একটি সরকারি হাসপাতালে ছাদের অংশ ধসে এক নারী আহত হয়েছেন। বুধবার দুর্গাদত্ত ফতেহপুরিয়া মাতৃ ও শিশু হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। পুরো ঘটনাটি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।
আহত নারীর নাম কিরণ মেঘওয়াল। ২৫ বছর বয়সী কিরণ চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসা শেষে একটি কক্ষ থেকে বের হওয়ার পরপরই হাসপাতালের বারান্দার ছাদের একটি অংশ তার ওপর ধসে পড়ে। এতে তিনি আহত হন। পরে হাসপাতালেই তাকে চিকিৎসা দেওয়া হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিরণ কক্ষ থেকে বের হয়ে বারান্দায় আসার কয়েক মুহূর্তের মধ্যেই ছাদের একটি অংশ ভেঙে তার ওপর পড়ে। আকস্মিক এ ঘটনায় তিনি মাটিতে পড়ে যান।
দুর্ঘটনার পর হাসপাতালের অবকাঠামোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ আগেই নেওয়া হয়েছিল।
সুজানগড়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. পুরুষোত্তম কারওয়া জানান, হাসপাতালের মেরামতের প্রয়োজনীয়তার বিষয়টি গত ৪ আগস্ট জনকল্যাণ নির্মাণ বিভাগকে লিখিতভাবে জানানো হয়েছিল। পরে এ বিষয়ে আবারও চিঠি দেওয়া হয়েছে।
এদিকে ছাদ ধসের ঘটনাকে কেন্দ্র করে রাজস্থানের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেছে বিরোধী দলগুলো। কংগ্রেস ঘটনাটিকে দুঃখজনক ও লজ্জাজনক হিসেবে উল্লেখ করে সরকারি হাসপাতালের অবকাঠামো রক্ষণাবেক্ষণে অবহেলার অভিযোগ তুলেছে।
কংগ্রেসের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার সিসিটিভি ভিডিও প্রকাশ করে রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। একইভাবে আম আদমি পার্টিও ভিডিওটি প্রকাশ করে সরকারি স্বাস্থ্যসেবা অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস