ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান সি জোসেফ বিজয়ের বিরুদ্ধে করা বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গম। শুক্রবার (৭ আগস্ট) ভার্চ্যুয়ালি আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানান তিনি। পরে আদালত মামলাটি নিষ্পত্তি করে বন্ধ ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে স্বামী-স্ত্রীর মধ্যে অমীমাংসিত মতপার্থক্যকে বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকায় থাকা তাদের দাম্পত্য বাসভবনে বসবাসের অনুমতিও চাওয়া হয়েছিল।
মামলাটির শুনানি চলতি বছর কয়েক দফা পিছিয়ে যায়। গত ১৫ জুন সঙ্গীতা আদালতকে জানান, তিনি আবেদনটি প্রত্যাহার করতে চান। সেদিনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়েছিলেন তিনি। পরে মামলার পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়।
এর আগের শুনানিগুলোতেও বিজয় ও সঙ্গীতা ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হননি। তাদের আইনজীবীরা আদালতে প্রতিনিধিত্ব করেন এবং ব্যক্তিগতভাবে হাজির হওয়ার ক্ষেত্রে অসুবিধার কথা জানান।
শুক্রবার সঙ্গীতার আনুষ্ঠানিক আবেদন গ্রহণের পর আদালত মামলাটি নিষ্পত্তি করে। এর মধ্য দিয়ে কয়েক মাস ধরে চলা এই দাম্পত্য বিরোধের আইনি প্রক্রিয়ার সমাপ্তি হলো।
বিজয় ও সঙ্গীতার দাম্পত্য সম্পর্ক প্রায় তিন দশকের। ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। ২০০০ সালে তাদের ছেলে এবং ২০০৫ সালে মেয়ে সন্তানের জন্ম হয়।
২০২৩ সালে বিজয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে সঙ্গীতার অনুপস্থিতিকে কেন্দ্র করে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। যদিও তখন এসব আলোচনা অস্বীকার করা হয়েছিল। পরবর্তী সময়ে টিভিকে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও সঙ্গীতার অনুপস্থিতি নিয়ে আলোচনা বাড়ে।
সম্প্রতি তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), ভিসিকে ও আইইউএমএলের সমর্থনে দলটি সরকার গঠন করে। এর মাধ্যমে তামিলনাড়ুতে দীর্ঘ সময় পর জোট সরকার গঠিত হয়।