অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জুলাই শহীদদের কবর নির্মাণের বরাদ্দ অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি দাবি করেন, এ বিষয়ে সরকারের কাছে আরও নানা তথ্য রয়েছে, যা প্রকাশ করা হলে সংশ্লিষ্টদের জবাবদিহির মুখে পড়তে হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার পরিকল্পনা অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেনি। ফলে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে এ অধিদপ্তর গঠন ও কার্যক্রম এগিয়ে নিতে নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি। বর্তমান সরকার তাদের তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
জুলাই শহীদদের কবর নির্মাণে বরাদ্দ দেওয়া অর্থ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি কবরের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে তিনি কবরের কোনো দৃশ্যমান উন্নয়ন দেখতে পাননি বলে দাবি করেন এবং এ অর্থের অপব্যবহারের অভিযোগ তোলেন।
রাজনৈতিক প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে ইশরাক হোসেন বলেন, বিএনপির বিরুদ্ধে গণহত্যা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কোনো ইতিহাস নেই। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষ অতীতের কিছু ঘটনা আড়াল করার চেষ্টা করছে, তবে জনগণ তা ভুলে যাবে না।
তিনি আরও অভিযোগ করেন, আগের দিনের একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে একজন সংসদ সদস্যের নেতৃত্বে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। তার ভাষ্য, মতপার্থক্য থাকলে তা শান্তিপূর্ণভাবে প্রকাশ করা যেত, কিন্তু পরিকল্পিতভাবে গোলযোগ সৃষ্টি করায় বিদেশি কূটনীতিকদের সামনে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।