ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বর্তমানে যোগাযোগ রক্ষা করা কঠিন হলেও তাঁর উপস্থিতি দেশের জন্য বড় শক্তি বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বুধবার (৫ আগস্ট) ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
পেজেশকিয়ান বলেন, বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করা “খুবই কঠিন” হলেও তাঁর নেতৃত্ব দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েনি। তাঁর দাবি, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এরপর মার্চের শুরুতে বিশেষজ্ঞদের পরিষদ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
ইরানি প্রেসিডেন্ট বলেন, দেশটি বর্তমানে ব্যাংকিং নিষেধাজ্ঞা, বৈদেশিক লেনদেনে সীমাবদ্ধতা, নৌ চলাচল সংকট এবং চলমান সংঘাতের কারণে কঠিন সময় পার করছে।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে একটি নতুন ব্যবস্থাপনা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।
ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে জানা গেছে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর নির্ভর করছে। এর আগে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা তৈরি হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি, নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক সমঝোতা নিয়ে ইরানের ওপর আন্তর্জাতিক নজর রয়েছে।