অস্ট্রেলিয়া ক্রিকেট দল নতুন করে চোটের ধাক্কা পেয়েছে। পেস বোলিং অলরাউন্ডার মাইকেল নেসার ব্রিসবেনে অনুশীলনের সময় কাফে চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন।
যদিও বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের মূল দলে নেসারের নাম ছিল না, তবুও প্রয়োজনে তাকে দলে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা ছিল। তিনি রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় ছিলেন। জশ হ্যাজেলউড চোট কাটিয়ে দলে ফেরায় মূল স্কোয়াডে সুযোগ পাননি নেসার।
অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র জানিয়েছেন, কাফ স্ট্রেইনের কারণে নেসার কয়েক সপ্তাহ অনুশীলন ও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকবেন। তবে চিকিৎসা ও পুনর্বাসন শেষে দক্ষিণ আফ্রিকা সফরের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে সেপ্টেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া। সেখানে প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে, যার শেষ ম্যাচ ৩০ সেপ্টেম্বর। এরপর ৯ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে রয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেম ওয়েদারাল্ড এবং বেউ ওয়েবস্টার।