ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করা হলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, শেখ হাসিনার বক্তব্য প্রচারে যে নিষেধাজ্ঞা রয়েছে, সেটি সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা অনুসারে গণমাধ্যমকে এ ধরনের বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে হবে। আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য কেবল আস্ফালন, বাস্তবে তা করার সক্ষমতা তার নেই।’
বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, সরকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে। এ নিয়ে সরকার কোনো ধরনের ভূরাজনৈতিক সংকটে নেই বলেও দাবি করেন তিনি।
দেশের খাদ্য পরিস্থিতি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। বাজারে টমেটো ও কাঁচামরিচের দামও শিগগিরই সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, কোনো গ্রাহকের কাছে অস্বাভাবিক বিল এলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানের অভিযোগকেন্দ্রে যোগাযোগ করতে হবে। অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহে সংকট তৈরি হয়েছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের ওপর চাপ বেড়েছে।
তবে কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।