পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ। জাহাজ তিনটি হলো ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানানো হয়। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার এ সময় উপস্থিত ছিলেন। অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।
অনুষ্ঠানে চীনা দূতাবাসের কর্মকর্তারা, বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে চীনা যুদ্ধজাহাজগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।
সফরকালে চীনা নৌবাহিনীর জাহাজগুলোর অধিনায়ক, বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশে এবং একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া চীনা জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন। তারা চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থানও ঘুরে দেখবেন। একই সময়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনের সুযোগ থাকবে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, এ ধরনের সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত মতবিনিময় ও পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি হয়। পাশাপাশি নৌবাহিনীর কার্যক্রম, প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা সম্পর্কে দুই পক্ষের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।
নৌবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শুভেচ্ছা সফরের মাধ্যমে ভবিষ্যতে প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হতে পারে। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সফর শেষে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।