ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যেই রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র।
বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শেষ হওয়ার পর ছুটি কাটিয়ে সোমবার মাদ্রিদে পৌঁছান ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। পরে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা সম্পন্ন করে ভালদেবেবাসে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি।
ভিনিসিয়ুসের সঙ্গে রিয়াল মাদ্রিদের বর্তমান চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। ক্লাবটি তাকে নতুন চুক্তিতে ধরে রাখতে চাইলেও দুই পক্ষের মধ্যে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। চুক্তি নবায়ন না হলে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হতে পারে।
সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল ভিনিসিয়ুসের কাছে নতুন চুক্তির প্রস্তাব পাঠিয়েছে। ব্রাজিলিয়ান তারকারও আপাতত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকার সম্ভাবনা বেশি। তবে চুক্তির আর্থিক শর্ত ও মেয়াদ নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো পুরোপুরি এক হয়নি।
ইংল্যান্ডের কয়েকটি প্রতিবেদনে ভিনিসিয়ুসের সম্ভাব্য গন্তব্য হিসেবে আর্সেনালের নাম উঠে এসেছে। তবে লন্ডনের ক্লাবটি এখন পর্যন্ত তার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি। আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও দলবদরের গুঞ্জন নিয়ে সরাসরি মন্তব্য করা থেকে বিরত রয়েছেন।
রিয়াল মাদ্রিদ জানিয়েছে, বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুস ও ব্রাহিম দিয়াস দলে ফিরেছেন। শারীরিক পরীক্ষা শেষে নতুন কোচ হোসে মরিনহোর অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দিয়েছেন তারা।
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। টুর্নামেন্টের গ্রুপ পর্বে চার গোল করে দলের অন্যতম সেরা পারফরমার ছিলেন ভিনিসিয়ুস।
নতুন মৌসুম সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে রিয়াল। প্রথম প্রাক-মৌসুম ম্যাচে ফিওরেন্তিনার সঙ্গে ২-২ গোলে ড্র করার পর আগামী ৮ আগস্ট বুদাপেস্টে ফেরেঙ্কভারোসের মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাবটি।