ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমাইরেসকে দলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর্সেনাল। তবে তাকে কেনার জন্য পাঠানো ইংলিশ ক্লাবটির প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নিউক্যাসল ইউনাইটেড।
মিডফিল্ড আরও শক্তিশালী করার পরিকল্পনা থেকেই ২৮ বছর বয়সী গিমাইরেসের প্রতি আগ্রহ দেখিয়েছে আর্সেনাল। দীর্ঘদিন ধরে তাকে পর্যবেক্ষণের পর নিউক্যাসলের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করে ক্লাবটি। তবে প্রথম প্রস্তাবটি নিউক্যাসলের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তা গ্রহণ করা হয়নি।
গিমাইরেসকে ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে নিউক্যাসল। তার বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর রয়েছে। এছাড়া চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগও আছে ক্লাবটির হাতে। ফলে এই মুহূর্তে তাকে বিক্রি করার কোনো তাড়াহুড়া নেই নিউক্যাসলের।
তবে প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হলেও আলোচনা থেকে সরে আসছে না আর্সেনাল। ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে নিতে আরও বড় অঙ্কের প্রস্তাব দেওয়া হবে কি না, তা নিয়ে ক্লাবটির ভেতরে আলোচনা চলছে।
সূত্র: দ্য গার্ডিয়ান