আলজেরিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৪ জন।
শুক্রবার রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে বুমেরদেস প্রদেশের এল কারমা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি সেতিফ থেকে রাজধানী আলজিয়ার্সের দিকে যাচ্ছিল।
আলজেরিয়ার বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
আহত ব্যক্তিদের বুমেরদেস ও আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিওতে বাসটিকে খাদে উল্টে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বাসটির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করেন।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। বাসটির কারিগরি অবস্থা, চালকের ভূমিকা এবং দুর্ঘটনার সময় সড়কের পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে।
আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার তৎপরতার খোঁজ নেন। দেশটির প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবুন নিহত ব্যক্তিদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
আলজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটেছে। ২০২৫ সালের আগস্টে রাজধানী আলজিয়ার্সে একটি বাস সেতু থেকে নদীতে পড়ে ১৮ জন নিহত হয়েছিলেন।
সূত্র : রয়টার্স