বাংলাদেশের খেলাধুলাকে বিভিন্ন সময়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, দেশের সার্বিক অগ্রগতির জন্য অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি খেলাধুলার বিকাশও জরুরি।
শুক্রবার রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা সিটি করপোরেশন ৪৪তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা ক্রিকেট দলকে এ সংবর্ধনা দেয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশের খেলাধুলার আরও আগেই অনেক দূর এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবের কারণে অনেক যোগ্য খেলোয়াড় যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছেন।
বর্তমান সরকার খেলাধুলাকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিবেচনা করে না উল্লেখ করে তিনি বলেন, খেলোয়াড়ের দক্ষতা, মেধা ও পারফরম্যান্সই মূল্যায়নের প্রধান মানদণ্ড হওয়া উচিত।
কুমিল্লায় একটি ক্রীড়া ভিলেজ প্রতিষ্ঠার উদ্যোগের কথাও জানান মন্ত্রী। এ বিষয়ে ক্রীড়া মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে তিনি জানান।
মোহাম্মদ আমিন উর রশিদ আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ পেলে কুমিল্লার তরুণ খেলোয়াড়রা জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন।
ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি খেলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশিক্ষণের ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে স্থানীয় পর্যায় থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানে মাঠ থাকলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। মাঠগুলো উন্নত ও সংরক্ষণ করা গেলে তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়বে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রোজী আকতার এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য বদরুল হুদা জেনু। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এমদাদুল হক এমদু।