২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের হাফটাইম অনুষ্ঠানে বিটিএস সদস্য জিমিনের পরা একটি শার্ট দাতব্য নিলামে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকার বেশি।
ক্রিস্টিজ আয়োজিত ‘ওয়ান গোল: এ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড অকশন’ শিরোনামের অনলাইন নিলামটি এক সপ্তাহ ধরে চলে। নিলাম শেষে মোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ ডলার সংগ্রহ হয়েছে।
জিমিনের শার্টটির সম্ভাব্য মূল্য ৩ হাজার থেকে ৫ হাজার ডলার ধরা হয়েছিল। তবে ভক্ত ও সংগ্রাহকদের তীব্র আগ্রহে এটি শেষ পর্যন্ত ১ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হয়। নিলামে এটিই ছিল সর্বোচ্চ দামে বিক্রি হওয়া সামগ্রীর একটি। বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত একটি ম্যাচ বলও একই দামে বিক্রি হয়েছে।
নিলামে বিটিএসের অন্য সদস্যদের ব্যবহৃত পোশাক ও আনুষঙ্গিক সামগ্রীও ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে ছিল। ভি-এর একটি স্কার্ফ ও জাংকুকের একটি জ্যাকেট প্রতিটি ৪৬ হাজার ২০০ ডলারে বিক্রি হয়।
এ ছাড়া সুগার প্যান্ট ৩৩ হাজার ডলার এবং জে-হোপের গ্লাভস ২৮ হাজার ৬০০ ডলারে বিক্রি হয়েছে। সব মিলিয়ে বিটিএস সদস্যদের ব্যবহৃত সাতটি সামগ্রী থেকে ৩ লাখ ৩০০ ডলার সংগ্রহ হয়, যা নিলামের মোট আয়ের প্রায় ৪৬ শতাংশ।
জিমিনের শার্টটি কে কিনেছেন, তা প্রকাশ করা হয়নি। তবে খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিটিএস ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা ও উচ্ছ্বাস দেখা যায়।
নিলাম থেকে পাওয়া পুরো অর্থ ফিফার গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে দেওয়া হবে। এই তহবিল সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা এবং ফুটবল খেলার সুযোগ তৈরিতে কাজ করে। বিশ্বের ২০০টির বেশি দেশে এ কার্যক্রম পরিচালনার লক্ষ্য রয়েছে।
সূত্র : দ্য কোরিয়া টাইমস