মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বাংলাদেশের মাল্টিপ্লেক্সে মুক্তির প্রথম দিনেই নতুন রেকর্ড গড়েছে। উদ্বোধনী দিনে সর্বোচ্চ আয় করে সিনেমাটি দেশের মাল্টিপ্লেক্স ইতিহাসে সর্বোচ্চ ওপেনিংয়ের নতুন মাইলফলক স্থাপন করেছে।
মুক্তির প্রথম দিনে সিনেমাটি প্রায় ৬৯ লাখ ৮৭ হাজার টাকা আয় করেছে। একই সঙ্গে স্টার সিনেপ্লেক্সে একদিনে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকাতেও শীর্ষে উঠে এসেছে এটি। উল্লেখযোগ্য বিষয় হলো, কোনো সরকারি ছুটির দিন ছাড়াই এ সাফল্য অর্জন করেছে সিনেমাটি।
বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সের ৬৫টি এবং লায়ন সিনেমাসের ২টি মিলিয়ে মোট ৬৭টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৬৫টি প্রদর্শনী ছিল সম্পূর্ণ দর্শকপূর্ণ। প্রথম দিনের গড় আসন পূরণের হার ছিল প্রায় ৯৮ দশমিক ৮০ শতাংশ।
অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যায়। বাড়তি চাহিদার কারণে অতিরিক্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হলেও অনেক দর্শক টিকিট সংগ্রহ করতে পারেননি। সংশ্লিষ্টদের ধারণা, আরও প্রদর্শনীর সুযোগ থাকলে প্রথম দিনের আয় আরও বেশি হতে পারত।
প্রথম দিনের রেকর্ড সাফল্যের পর দ্বিতীয় দিনেও দর্শক উপস্থিতি বেশি থাকবে বলে আশা করা হচ্ছে। চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, এই ধারা অব্যাহত থাকলে দ্বিতীয় দিনের আয়ও নতুন রেকর্ড গড়তে পারে।
সূত্র : বিএমআর