যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজার সফরে যাচ্ছেন। শুক্রবার (৩১ জুলাই) ঢাকায় সরকারি কর্মসূচি শেষে তার সরাসরি কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে।
সফরকালে তিনি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সেখানে অবস্থানরত শরণার্থীদের বর্তমান অবস্থা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গর। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
সরকারি কর্মসূচি অনুযায়ী, শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সার্জিও গর। ওই বৈঠকের মধ্য দিয়ে তার তিন দিনের বাংলাদেশ সফর শেষ হবে।