ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি যাওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরেছেন। ইতালির মেস্ত্রে এলাকায় হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর সোমবার সকালে দেশে পৌঁছান তিনি।
দেশে ফিরে সাংবাদিকদের বাঁধন বলেন, এই হামলার মাধ্যমে জুলাই আন্দোলনের সমর্থকেরা নয়, বরং হামলাকারীরাই নিজেদের অনিরাপদ করে তুলছে।
ইতালির মেস্ত্রে এলাকায় ভাই ও তার পরিবারের সঙ্গে একটি পার্কে অবস্থানের সময় কয়েকজন বাংলাদেশি বাঁধনকে ঘিরে ধরে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। বাঁধনের দাবি, হামলাকারীরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং তাকে ‘জুলাই জঙ্গি’ বলে কটূক্তি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও তাকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা যায়।
বাঁধন অভিযোগ করেন, তার দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। ঘটনার সময় তার ভাই, ভাবি এবং তাদের চার বছর বয়সী শিশুও সঙ্গে ছিল।
ঘটনাটি নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদেও আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ইতালির কর্তৃপক্ষের কাছে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।
দেশে ফিরে বাঁধন বলেন, বিদেশের মাটিতে এমন ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে পরিবার ও ব্যক্তিগত ভবিষ্যতের কথা ভাবার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
বাঁধন ইতালিতে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন। বাংলাদেশ দূতাবাস ও মিলানে বাংলাদেশ কনস্যুলেট তাকে আইনি ও অন্যান্য সহায়তা দিয়েছে। ইতালির পুলিশের বিশেষ শাখাও ঘটনাটি তদন্ত করছে।