পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর-১৪ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর বিএন কলেজে আয়োজিত পুরস্কার বিতরণী ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা ও জনসেবামূলক কাজে অংশ নিলে সমাজের অন্যরাও উৎসাহিত হবে। তাদের সক্রিয় অংশগ্রহণ প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচি বাস্তবায়নকে আরও সহজ করবে।
শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মানুষ এবং তার নেতৃত্বে দেশে ইতিবাচক পরিবর্তন আসবে। তার সহকর্মী হিসেবে সবাইকে দেশ গড়ার কাজে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হওয়া এ ধরনের কর্মসূচি নগরের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ছড়িয়ে দিতে হবে। এতে পরিচ্ছন্নতা সম্পর্কে নাগরিকদের সচেতনতা বাড়বে এবং সিটি করপোরেশনের সেবা কার্যক্রমও সহজ হবে।
প্রশাসক আরও বলেন, আন্তরিক চেষ্টা থাকলে যেকোনো কাজে সফলতা অর্জন সম্ভব। বাংলাদেশ নৌবাহিনী কলেজের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতাবিষয়ক বিভিন্ন ধারণা ডিএনসিসির আওতাধীন এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।
অনুষ্ঠানের পর নৌবাহিনী কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এ সময় শিক্ষার্থীদের আধুনিক ডাস্টবিন ব্যবহারের পদ্ধতি শেখানো হয় এবং তারা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।
বিএন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর হুমায়ুন কবীরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।