উন্নয়ন প্রকল্পের কাজ সততা, স্বচ্ছতা ও নির্ধারিত মান বজায় রেখে সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে কিংবা কোনো প্রকল্পে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট টেন্ডার বাতিল করা হবে। গুরুতর অনিয়মে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করারও হুঁশিয়ারি দেন তিনি।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আহম্মদ সোহেল মনজুর বলেন, প্রকল্পের কাজ সঠিকভাবে ও নির্ধারিত মান অনুযায়ী হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। কর্তৃপক্ষের নিজস্ব পরিদর্শক দলের পাশাপাশি নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমেও কাজের মান যাচাই ও মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, ঠিকাদারি ও নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতি ঠেকাতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কম মুনাফায় সর্বোচ্চ মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে হবে। দেশের উন্নয়ন কার্যক্রমে জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম, সদস্য মো. আব্দুল গোফফার, প্রকৌশলী আবুল কাশেম মোহাম্মদ শাহজালাল মজুমদার, পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন ও মো. মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী এবং নিবন্ধিত ঠিকাদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।