স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে গবেষণা ও উদ্ভাবনকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা যন্ত্রের পরীক্ষা, মান যাচাই ও উৎপাদনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের উদ্ভাবকদের সঙ্গে এক সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, যন্ত্রগুলো ব্যবহার উপযোগী করা এবং বাজারজাত করার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অনুমোদন প্রক্রিয়ায় সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
সভায় জানানো হয়, দুটি পৃথক বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় ক্লিনিক্যাল পরীক্ষা ও অনুমোদন পাওয়া গেলে এসব যন্ত্র দেশের হাসপাতালগুলোতে ব্যবহারের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।
দেশে উৎপাদিত হওয়ায় চিকিৎসা যন্ত্র দুটি আমদানি করা যন্ত্রের তুলনায় কম দামে বাজারজাত করা যাবে। এতে রোগীদের চিকিৎসা ব্যয় কমার পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবাও আরও সহজলভ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞরা জানান, গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটর জীবনরক্ষাকারী যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। যন্ত্রটির নিরাপত্তা, কার্যকারিতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আরও বিস্তৃত পরীক্ষা চালানো হবে।
অন্যদিকে, হাই-ফ্লো অক্সিজেন মেশিনটি সাধারণ শ্বাসতন্ত্রের সমস্যায় ব্যবহার করা যাবে। বিদ্যুৎ সংযোগ ছাড়াই এটি চালানো সম্ভব হওয়ায় প্রত্যন্ত অঞ্চল, জরুরি পরিস্থিতি এবং রোগী পরিবহনের সময় অ্যাম্বুলেন্সেও ব্যবহার করা যাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশীয়ভাবে এসব যন্ত্রের উৎপাদন শুরু হলে বিদেশি প্রযুক্তি ও আমদানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে।
সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং বুয়েটের প্রো-ভিসি ড. মুহাম্মদ শরীফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।