নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার, ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনগুলোতে সই করেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমানকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হককে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামানকে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিন উপাচার্যের নিয়োগের ক্ষেত্রে একই ধরনের কয়েকটি শর্ত রাখা হয়েছে। তারা যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের বয়স পর্যন্ত, যেটি আগে হবে, দায়িত্ব পালন করবেন।
উপাচার্য হিসেবে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে।