স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল সৌদি আরবের বিপক্ষে রোববারের ম্যাচেও শুরুর একাদশে থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না স্প্যানিশ টিম ম্যানেজমেন্ট।
বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও শুরুর একাদশে ছিলেন না ইয়ামাল। চোটের কারণে তাকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামানো হয়। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় শুরুতেই পয়েন্ট হারিয়ে চাপে পড়ে স্পেন।
সৌদি আরব ম্যাচের আগে স্প্যানিশ গণমাধ্যম আরটিভিইকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল জানান, তিনি এখন আগের চেয়ে ভালো অনুভব করছেন। তবে পুরো ম্যাচ খেলার মতো শতভাগ প্রস্তুত নন। চোট কাটিয়ে ফেরার পর ধীরে ধীরে ম্যাচের ছন্দে ফিরছেন বলেও জানান তিনি।
ইয়ামাল বলেন, কোচ যত সময় মাঠে থাকতে বলবেন, তিনি ততক্ষণ খেলতে প্রস্তুত। তবে নিজের ফিটনেস নিয়ে অযথা ঝুঁকি নিতে চান না এই তরুণ ফরোয়ার্ড।
সৌদি আরবের বিপক্ষে ম্যাচ শেষে স্পেন যাবে গুয়াদালাহারায়। সেখানে গ্রুপ এইচ-এর গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে ম্যাচটি স্পেনের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।
এ কারণেই কোচ লুইস দে লা ফুয়েন্তে সৌদি আরবের বিপক্ষে ইয়ামালকে নিয়ে সতর্ক থাকতে চান। উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়াই স্পেনের লক্ষ্য।
স্পেন দলের আরেক উইঙ্গার নিকো উইলিয়ামসও চোট সমস্যা নিয়ে বিশ্বকাপে এসেছেন। তবে তার অবস্থা তুলনামূলক ভালো বলে জানিয়েছেন ইয়ামাল। তিনি বলেন, দল কোনো কিছুতেই তাড়াহুড়ো করছে না। স্পেন দলে বিশ্বমানের অনেক ফুটবলার থাকায় ধাপে ধাপে এগোনোর সুযোগ রয়েছে।
মাত্র ১৮ বছর বয়সেই ইউরো জেতা এবং বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জয়ে ভূমিকা রাখা ইয়ামাল এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত ফুটবলার। বিশ্বজুড়ে নিজের জনপ্রিয়তা নিয়ে তিনি বলেন, সমর্থকদের প্রত্যাশা সম্পর্কে তিনি সচেতন এবং মাঠে নামলে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন।