দেশে বিনিয়োগ বাড়াতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার, ২৭ জুলাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করা না গেলে দেশের প্রত্যাশিত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব হবে না। দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা যাতে নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
তিনি বলেন, কর্ণফুলী টানেল, সমুদ্রবন্দর, বিমানবন্দর এবং জাতীয় মহাসড়কের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় আনোয়ারা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মাল্টিমোডাল হাব হিসেবে গড়ে উঠছে। এই অবকাঠামোগত সুবিধার কারণে অঞ্চলটি শিল্পায়ন ও বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলে বড় পরিসরে শিল্পকারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। তবে বিনিয়োগের প্রত্যাশিত সুফল পেতে হলে শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।