মবের অপসংস্কৃতি রোধে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মব বা সংঘবদ্ধ জনতার বিশৃঙ্খল কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।মঙ্গলবার দুপুরে সিলেটে বিজিবির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে সীমান্তে চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে আনা সম্ভব হবে।তিনি জানান, চোরাচালান প্রতিরোধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার দিকে এগোচ্ছে সরকার। ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়িয়ে সীমান্ত নজরদারি আরও কার্যকর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।[BANGVIEWS-POST:4929]মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, মাদকের বিস্তার ঠেকাতে বিদ্যমান আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।এর আগে সিলেট সেক্টরের বিজিবি কার্যালয়ে ‘সীমান্ত স্কুল অব ওয়েলফেয়ার অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর উদ্বোধন ও স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।সফরসূচি অনুযায়ী, পরে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।