শিশুদের মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মোকাবিলায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সহযোগিতায় তৈরি ‘পুষ্টিগ্রো+’ নামের একটি পুষ্টি সমাধান তুলে ধরেছে নেসলে বাংলাদেশ পিএলসি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬-এ পণ্যটি প্রদর্শন করা হয়।
নেসলে বাংলাদেশ জানিয়েছে, সিরিয়ালভিত্তিক এই ফুড ফর্টিফায়ার পাঁচ বছর ও তার বেশি বয়সী শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছে। ঘরে রান্না করা দৈনন্দিন খাবারের সঙ্গে এটি সহজেই মিশিয়ে খাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, পুষ্টিগ্রো+-এ প্রোবায়োটিক, আয়রন ও জিংকসহ ১৭টি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ রয়েছে। এটি শিশুদের দৈনন্দিন মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ এবং স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করবে।
সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অতিথিরা নেসলে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন এবং উদ্ভাবনী পুষ্টি সমাধানটি সম্পর্কে অবহিত হন।
বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ বলেন, প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক দক্ষতার সঙ্গে নেসলের বৈশ্বিক পুষ্টিবিষয়ক অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। সরকারি ও বেসরকারি খাতের এমন অংশীদারত্ব দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
নেসলে বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা বলেন, পুষ্টিগ্রো+ দৈনন্দিন পুষ্টির একটি সাশ্রয়ী সমাধান। এটি দেশে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মোকাবিলায় প্রতিষ্ঠানটির অঙ্গীকারের প্রতিফলন।
তিনি আরও বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে নেসলে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।