হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি রোববার (২৬ জুলাই) এ তথ্য জানান।
বাঘায়ি বলেন, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওমানের প্রতিনিধিদল শনিবার বিকেলে তেহরান ত্যাগ করলেও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
বৈঠকে উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরান ও ওমানের সার্বভৌম অধিকারকে সম্মান জানিয়ে হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল পরিচালনার অভিন্ন নীতি ও কার্যকর পদ্ধতি নিয়ে মতবিনিময় করা হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলোচনাকে গঠনমূলক ও ফলপ্রসূ হিসেবে উল্লেখ করে বলেন, এতে কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কারিগরি পর্যায়ে আরও আলোচনা হবে।
তবে আলোচনা চললেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বর্তমান পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি বলে জানান তিনি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং জাহাজে হামলার ঘটনায় এ নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে।
সূত্র: আল-আরাবিয়া