জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ১১ দলীয় ঐক্যজোট।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর জেলা আমির ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম।
তিনি বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণের মাধ্যমেই তাদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়নের পাশাপাশি জাতীয় জীবনের সর্বস্তরে জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে।
জাহাঙ্গীর আলম আরও বলেন, পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও জাতীয় ঐক্য অপরিহার্য। মানবিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে সভায় জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।