মাগুরার মহম্মদপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি গাড়ি দুর্ঘটনায় মো. জয়নাল (৩৫) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার খলিশাখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল ঠাকুরগাঁও জেলার বলদিবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, জয়নাল রাজাপুর পল্লী বিদ্যুতের ফিডারে কর্মরত ছিলেন। ঘটনার দিন তিনি অন্য সহকর্মীদের সঙ্গে বিদ্যুৎ সংক্রান্ত কাজে খলিশাখালি এলাকায় যাচ্ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ বিভাগের কর্মীরা একটি নসিমন গাড়িতে করে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটির একটি চাকা ভেঙে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িতে থাকা বৈদ্যুতিক খুঁটির তার জয়নালের ওপর পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শামীম আহম্মেদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।