চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ইচ্ছা করলেই বরখাস্ত করা উচিত নয়। স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্রও শক্তিশালী হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী বাড়ানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের ভাতা সম্মানজনক পর্যায়ে নেওয়ার চেষ্টা করবেন।
সরকারি ত্রাণ সঠিকভাবে বিতরণের আহ্বান জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, গরিব মানুষের অধিকার যেন নষ্ট না হয়, তা নিশ্চিত করতে হবে। ত্রাণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন তিনি।
চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে উল্লেখ করে মির্জা ফখরুল এ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, আগে এপ্রিল মাসে ত্রাণের বরাদ্দ দেওয়া হলেও এখন থেকে সেপ্টেম্বর মাসে বরাদ্দ দেওয়া হবে। এতে বছরের বাকি চার মাসের মধ্যে ত্রাণ বিতরণ সম্পন্ন করা সহজ হবে বলে উল্লেখ করেন তিনি।
তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ও তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।