শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ছয় প্রতিনিধি।
বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা হন। এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
সচিবালয়ে আলোচনার জন্য যাওয়া শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে যেসব পরীক্ষার্থী সমস্যায় পড়েছেন, তাদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করা।
তারা দাবি করেছেন, কোনো শিক্ষার্থী একই বিষয়ের পুনঃপরীক্ষায় অংশ নিলে আগের পরীক্ষা ও নতুন পরীক্ষার মধ্যে যে নম্বর বেশি হবে, সেটিই চূড়ান্ত ফল হিসেবে বিবেচনা করতে হবে।
শিক্ষার্থীদের আরও দাবি, প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দিতে হবে।
এ ছাড়া বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে পর্যাপ্ত সময় দিয়ে পরে পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
তাদের অভিযোগ, পূর্বঘোষণা ছাড়া প্রশ্নের ধরনে পরিবর্তন আনা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নম্বর মূল্যায়নের দাবি জানান তারা।
শিক্ষার্থীদের আরেকটি দাবি হলো, পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’ ব্যবস্থার নামে কিছু শিক্ষকের কঠোর আচরণ বন্ধ করা, যাতে পরীক্ষার্থীরা আতঙ্ক বা মানসিক চাপে না পড়ে।
এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়েছিলেন। তবে সচিবালয়ে আলোচনার জন্য যাওয়া প্রতিনিধি দলের ছয় দফা দাবির তালিকায় মন্ত্রীর পদত্যাগের বিষয়টি রাখা হয়নি।
মন্তব্যসমূহ