ইরানের বন্দর আব্বাস নৌঘাঁটিতে চালকবিহীন সি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সোমবার তিনটি ‘কোরসেয়ার’ ড্রোন দিয়ে নৌঘাঁটির ভেতরে হামলা চালানো হয়।
সেন্টকমের দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানের একটি সাবমেরিন ও জাহাজ মেরামত স্থাপনা। হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী।
এটি মার্কিন সামরিক বাহিনীর প্রকাশ্যভাবে চালকবিহীন নৌযান ব্যবহার করে কোনো দেশের অভ্যন্তরীণ নৌঘাঁটিতে হামলার প্রথম ঘটনা বলে দাবি করা হচ্ছে। এর আগে এ ধরনের ড্রোন মূলত নজরদারি ও উদ্ধার অভিযানে ব্যবহারের কথা জানিয়েছিল ওয়াশিংটন।
‘কোরসেয়ার’ সি ড্রোন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান সারোনিক। ড্রোনটি দীর্ঘ দূরত্ব অতিক্রম করে বিস্ফোরক বহন ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
বিশ্লেষকদের মতে, আধুনিক নৌযুদ্ধে চালকবিহীন প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। তবে কোনো দেশের নৌসীমায় এ ধরনের হামলা আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
মন্তব্যসমূহ