ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে নতুন করে অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, শহরটির পশ্চিমাঞ্চলে পরপর পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরানি কর্তৃপক্ষও এখন পর্যন্ত নিশ্চিত করেনি যে এসব বিস্ফোরণ যুক্তরাষ্ট্রের হামলার কারণে ঘটেছে কি না। তবে এর আগে বন্দর আব্বাসসহ ইরানের দক্ষিণ উপকূলের বিভিন্ন এলাকায় মার্কিন হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্র টানা তৃতীয় রাত ইরানের বিভিন্ন সামরিক ও উপকূলীয় স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা এবং হরমুজ প্রণালীর জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ঘিরে দুই দেশের পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ