দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার অভিযোগের প্রতিবাদে ময়মনসিংহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।
মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এতে অংশ নেন।
বিক্ষোভের সময় শিক্ষার্থীদের ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’ এবং ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ স্লোগান দিতে শোনা যায়।
আন্দোলনকারীদের দাবি, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। অনেক শিক্ষার্থীকে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই পরীক্ষায় অংশ নিতে হয়েছে।
তাদের মতে, দেশের বিভিন্ন এলাকার দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত ছিল। একই সঙ্গে পরীক্ষার্থীদের নিয়ে করা কথিত অবমাননাকর মন্তব্যেরও প্রতিবাদ জানান তারা।
সড়ক অবরোধের কারণে টাউন হল মোড় ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
মন্তব্যসমূহ