প্রবেশ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থানকারীদের কঠোর শাস্তির বিষয়ে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন লঙ্ঘনকারীদের সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং দেশ থেকে নির্বাসনের মুখে পড়তে হতে পারে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা দেশটির আবাসন ও অভিবাসন আইনে গুরুতর অপরাধ। সাজা শেষে বিদেশি নাগরিককে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হতে পারে। পরবর্তী সময়ে তার দেশটিতে প্রবেশের ওপরও বিধিনিষেধ আরোপ হতে পারে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, প্রবেশ ভিসার অপব্যবহার বন্ধ এবং দর্শনার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে দেশত্যাগ নিশ্চিত করতে আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। সৌদিতে অবস্থানরত বিদেশিদের নিজ নিজ ভিসার মেয়াদ নিয়মিত যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব ত্যাগ অথবা বৈধ নিয়মে মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। অন্যথায় জরিমানা, কারাদণ্ড ও নির্বাসনসহ প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে নাগরিক ও বৈধ বাসিন্দাদের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ঘটনা কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে সন্দেহজনক আইন লঙ্ঘনের তথ্য ৯১১ নম্বরে জানানো যাবে। সৌদি আরবের অন্যান্য অঞ্চলে এ ধরনের তথ্য দিতে ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে দেশজুড়ে অভিযান পরিচালনা করছে। নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ অবস্থান কমিয়ে আনাই এসব অভিযানের উদ্দেশ্য।
কর্তৃপক্ষ প্রবাসী ও দর্শনার্থীদের গুজব বা অনির্ভরযোগ্য তথ্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
সূত্র: গালফ নিউজ
মন্তব্যসমূহ