ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা এবং ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। মঙ্গলবার তেলের মূল্য প্রায় দুই শতাংশ বৃদ্ধি পেয়ে গত চার সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর নতুন করে হামলা বাড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে অঞ্চলটির গুরুত্বপূর্ণ তেল উৎপাদন ও পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় বাজারে দাম বাড়ছে।
সর্বশেষ বাজার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৮ ডলার বা প্রায় দুই শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৯৮ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৫ ডলার বেড়ে ৭৯ দশমিক ৭৯ ডলারে লেনদেন হয়েছে। শতকরা হিসাবে এর মূল্যবৃদ্ধি প্রায় ২ দশমিক ১ শতাংশ।
এর আগে সোমবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক দিনেই ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছিল। বিশ্লেষকদের মতে, ২০২০ সালের মে মাসের পর এক দিনে অপরিশোধিত তেলের দামে এটিই ছিল সবচেয়ে বড় উল্লম্ফন।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেল উৎপাদন ও পরিবহন বাধাগ্রস্ত হতে পারে। পরিস্থিতির দ্রুত সমাধান না হলে আগামী দিনে জ্বালানির দাম আরও বাড়ার পাশাপাশি বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দিতে পারে।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ