হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা বন্ধ এবং গুরুত্বপূর্ণ এই নৌপথ সবার জন্য উন্মুক্ত রাখতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবারের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও পলিটিকোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধের কারণে এই নৌপথ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান হরমুজ প্রণালির কার্যক্রমে বড় ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বর্তমানে কৌশলগত এই জলপথের ওপর ইরানের প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে।
ইরান দাবি করে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রণালিটি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত। সাম্প্রতিক সময়ে তেহরান এই পথ ব্যবহারকারী জাহাজ থেকে ট্রানজিট ফি নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছে।
তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, কোনো দেশ এককভাবে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল বন্ধ করতে বা এর জন্য মাশুল আরোপ করতে পারে না বলে বিশেষজ্ঞরা মনে করেন।
এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ও ইরানের তেল বিক্রির ওপর দেওয়া সাময়িক ছাড় বাতিল করেছে। ওই ছাড়ের আওতায় তেহরান আগামী ২১ আগস্ট পর্যন্ত অপরিশোধিত তেল ও সংশ্লিষ্ট পণ্য রপ্তানির সুযোগ পেয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, হরমুজ প্রণালি নিয়ে আলোচনার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার ওমান সফরে গেছেন।
অন্যদিকে, কাতারও ইরান যুদ্ধ পরিস্থিতি নিরসনে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার পক্ষে অবস্থান জানিয়েছে। দেশটির একটি প্রতিনিধি দল মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে অবস্থান করছে বলে ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সম্মেলনের ফাঁকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দেন। এরপর থেকেই হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সূত্র: অ্যাক্সিওস
মন্তব্যসমূহ