প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১১ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে যোগ দিতে তিনি গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। তাকে একনজর দেখতে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং নিজের মোবাইল ফোনে অনেকের সঙ্গে সেলফি তোলেন। শিক্ষার্থীদের উচ্ছ্বাসে তিনিও অংশ নেন।
নিজের পুরোনো ক্যাম্পাসে ফিরে স্মৃতিচারণ করেন ডা. জুবাইদা রহমান। সাবেক সহপাঠী ও পরিচিতদের সঙ্গে গল্প-আড্ডায় সময় কাটান তিনি। একসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার স্মৃতিও স্মরণ করেন।
সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে পৌঁছে প্রধানমন্ত্রী শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষরোপণ করেন। এরপর তিনি ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় ঢাকা মেডিকেল কলেজে দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী।
মন্তব্যসমূহ