ইরান সরকার তাকে হত্যা কিংবা হত্যার চেষ্টা করলে দেশটির বিভিন্ন স্থানে হাজারো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের দিকে ইতোমধ্যে এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হুমকি দেন ট্রাম্প। তিনি জানান, কোনো হত্যাচেষ্টা হলে তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে। এরপর আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।’
ইরান বিশ্বের যেকোনো স্থান থেকে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে হত্যা বা হত্যার চেষ্টা করলে এ নির্দেশ কার্যকর হবে বলে জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, এ নির্দেশ আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে এবং প্রয়োজনে মেয়াদ বাড়ানো হবে। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা ও প্রস্তুতি মার্কিন সামরিক বাহিনীর রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে ইরানের দিকে সত্যিই এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে কি না, সে বিষয়ে ট্রাম্প কোনো প্রমাণ দেননি। পেন্টাগনও এ দাবির বিস্তারিত প্রকাশ করেনি।
২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলেইমানি নিহত হন। এরপর থেকেই ট্রাম্পসহ সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা চলছে।
এদিকে ট্রাম্পের হুমকির মধ্যেই ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো সমঝোতা থেকে সরে এলে ইরান পূর্ণমাত্রার প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে। দেশের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
গালিবাফ বলেন, যুদ্ধের অবসান বিশ্ববাসীর অগ্রাধিকার হলেও ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এ সংঘাতের সমাপ্তি ঘটবে না।
হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ